চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে আতুরার ডিপো এলাকার প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্মস্থলগামী মানুষ, সাধারণ যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন-ভাতাসহ বিভিন্ন পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না করায় অনেক শ্রমিককে আর্থিক সংকটে পড়তে হয়েছে। বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
শ্রমিকদের অভিযোগ, এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
মিতু আক্তার নামের এক গার্মেন্টস শ্রমিক বলেন, আমাদের দীর্ঘদিনের বেতন বকেয়া রয়েছে। সংসার চালাতে গিয়ে আমরা চরম সমস্যায় পড়েছি। বারবার কর্তৃপক্ষের কাছে বেতন পরিশোধের দাবি জানিয়েও সমাধান না পাওয়ায় রাস্তায় নামতে হয়েছে।
শ্রমিকরা জানান, দ্রুত তাদের বকেয়া পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে পুলিশ।
শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উভয়পক্ষের সাথে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।



