দিল্লি থেকে মুম্বাইয়ে এসে টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু। তিন দশকের বেশি সময়ের পথচলায় রোমান্টিক নায়ক থেকে খলনায়ক, বিজ্ঞানী থেকে হকি কোচ-বিচিত্র চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের ‘বাদশাহ’ হিসেবে।
বলিউডের বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে বিশেষ আয়োজনে আলোকিত হয়েছে দুবাইয়ের বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। সোমবার ভবনটিতে শাহরুখের ছবি প্রদর্শনের পাশাপাশি ভেসে ওঠে ‘আই লাভ ইউ’ বার্তা।
নিউজ এইট্টিন জানিয়েছে, এবারই প্রথম নয়, এর আগেও শাহরুখের জন্মদিনে বুর্জ খলিফায় শুভেচ্ছা বার্তা প্রদর্শন করা হয়েছে। জন্মদিনের উদ্যাপনের অংশ হিসেবে দুবাইয়ে আয়োজন করা হয় ফাউন্টেন শো। এতে শাহরুখ অভিনীত ‘ওম শান্তি ওম’ ও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার গান বাজানো হয়।
১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লির একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম শাহরুখের। টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করা এই অভিনেতা তিন দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, ক্রিকেট ও বিজ্ঞাপন খাতেও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন নিজের অবস্থান।
টেলিভিশন থেকে বলিউডের বাদশাহ
টাইমস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে আসার আগে ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই ফিল্মফেয়ার পুরস্কার জেতেন তিনি।
শুরু থেকেই প্রচলিত নায়কের ছকে নিজেকে আটকে রাখেননি শাহরুখ। ‘ডর’ ও ‘আনজাম’ সিনেমায় একরোখা প্রেমিকের চরিত্রে অভিনয় করেন। ‘বাজিগর’-এ দেখা যায় নেতিবাচক চরিত্রে। এ ধরনের ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অভিনয়ক্ষমতার পরিচয় দিতে শুরু করেন তিনি।
তবে তারকাখ্যাতির শীর্ষে পৌঁছান মূলত রোমান্টিক সিনেমার মাধ্যমে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘মোহাব্বতে’র মতো সিনেমা তাকে বলিউডের রোমান্টিক নায়কের প্রতীকে পরিণত করে। পর্দায় দুই হাত ছড়িয়ে দাঁড়ানোর ভঙ্গিও হয়ে ওঠে তার নিজস্ব পরিচিতি।
রোমান্টিক নায়কের বাইরেও অন্য শাহরুখ
রোমান্টিক চরিত্রে জনপ্রিয়তা পেলেও শাহরুখের অভিনয়ের পরিধি ছিল আরও বিস্তৃত। ‘স্বদেশ’ সিনেমায় নাসায় কর্মরত বিজ্ঞানী মোহন ভার্গবের চরিত্রে অভিনয় করেন তিনি। নিজের শিকড়ের টানে ভারতে ফিরে গ্রামের মানুষের জীবনসংগ্রামের সাথে পরিচিত হন ওই চরিত্র। সিনেমাটিতে সংযত ও আবেগনির্ভর অভিনয়ের জন্য প্রশংসিত হন শাহরুখ।
‘চাক দে! ইন্ডিয়া’তে তিনি কবির খান। সাবেক জাতীয় হকি খেলোয়াড় থেকে নারী হকি দলের কোচ হয়ে ওঠা এই চরিত্রে দলকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেন তিনি। ‘মাই নেম ইজ খান’ সিনেমায় রিজওয়ান খান চরিত্রে ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য ও বিদ্বেষের শিকার এক ব্যক্তির অভিজ্ঞতা তুলে ধরেন।
‘ফ্যান’ সিনেমায় একইসাথে একজন জনপ্রিয় সুপারস্টার ও তার এক ভক্তের চরিত্রে অভিনয় করেন শাহরুখ। দুই চরিত্রের চেহারা, আচরণ ও মানসিকতার পার্থক্য ফুটিয়ে তোলার মধ্য দিয়ে নিজের অভিনয়ের আরেকটি দিক তুলে ধরেন তিনি।
বিরতির পর প্রত্যাবর্তন
ক্যারিয়ারের একপর্যায়ে পরপর কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাফল্য পায়নি। এরপর প্রায় পাঁচ বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ। ২০২৩ সালে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন করেন তিনি। অ্যাকশনধর্মী এই সিনেমার সাফল্যের পর একই বছর মুক্তি পায় ‘জওয়ান’। দুটি সিনেমাই বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায়।
একই বছর মুক্তি পাওয়া ‘ডানকি’তে আগের দুই সিনেমার তুলনায় ভিন্ন ধরনের চরিত্রে দেখা যায় তাকে। অভিবাসন, দেশ ছেড়ে যাওয়ার আকাঙ্ক্ষা এবং শিকড়ে ফিরে আসার টানাপোড়েন নিয়ে নির্মিত সিনেমাটি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো ব্যবসায়িক সাফল্য না পেলেও ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় আসে।
নতুন সিনেমা ‘কিং’
‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র পর বড় পর্দায় নতুন কোনো সিনেমা নিয়ে হাজির হননি শাহরুখ। তবে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। মেয়ে সুহানা খানকে সাথে নিয়ে আসছে তার নতুন সিনেমা ‘কিং’।
প্রতিবেদন অনুযায়ী, দুই বছর ধরে সিনেমাটির কাজ চলছে। রবিবার মধ্যরাতে প্রকাশ করা হয়েছে ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। এতে শাহরুখের সাথে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং র্যাপ করেছেন এড শিরান।
তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে শাহরুখ কখনো প্রেমিক, কখনো খলনায়ক, কখনো বিজ্ঞানী কিংবা হকি কোচের চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন। সব সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়নি, সব অভিনয়ও সমান প্রশংসিত হয়নি। তবে নতুন চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা তার অভিনয়জীবনের অন্যতম বৈশিষ্ট্য হয়ে রয়েছে।

