...|...|...

জাতীয়

শাহজালালে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ৯২৬৯ যাত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩১
Shares
শাহজালালে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ৯২৬৯ যাত্রী

ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরানপন্থি বিদ্রোহী হুথিদের হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপ করায় ব্যাহত হয়েছে বাংলাদেশের সৌদিগামী ও ট্রানজিট ফ্লাইট চলাচল। এতে এখন পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলার ২টি, সৌদিয়ার ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট বাতিল ও সময়সূচিতে বিঘ্ন ঘটায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণের কাজ চলছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে ৫ বার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হয়েছেন। হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয়। আর শনিবার (১০ অক্টোবর) রিয়াদের বিমানবন্দরে বড় হামলার ঘটনা ঘটে। এতে ৩ বাংলাদেশি ওমরাহজ্ব যাত্রীসহ ১৩ জন নিহত হন।  এরপর পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।