সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা।
৩৪ দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া চতুর্থ দফার অর্থ গণনার কাজ সন্ধ্যায় শেষ হয়। সন্ধ্যা ৬টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হলে মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
এর ১৮ দিন পর, ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণ ও রুপার অলঙ্কারও পাওয়া যায়।
সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এ সময় দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা-রুপার অলঙ্কারও পাওয়া যায়।


