সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও সিলগালা করা ডেগ থেকে এবার ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। ৩৫ দিন পর শনিবার (২৪ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাজারের সাতটি দানবাক্স ও ডেগ খোলা হয়। নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণ, রৌপ্য এবং ১৮টি দেশের বৈদেশিক মুদ্রা।
শনিবার (২৪ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে সিলগালা করা বাক্সগুলোর তালা খোলা হয়। এরপর মাদ্রাসার শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় শুরু হয় অর্থ গণনা। বিকেলে এ কার্যক্রম শেষ হয়।
গণনা শেষে মাজার কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত অর্থ ও সম্পদের হিসাব প্রকাশ করা হয়। এতে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা, ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ এবং ৩ ভরি ১৩ আনা রৌপ্য পাওয়া যাওয়ার তথ্য জানানো হয়। এছাড়া ১৮টি দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স স্থাপন ও নিয়মিত প্রকাশ্যে অর্থ গণনার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে মাজারের আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রাপ্ত অর্থ ব্যয়ের নতুন নীতি নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন নীতি অনুযায়ী, দানবাক্সে পাওয়া অর্থের ৩৫ শতাংশ মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ অর্থ মাজারের অন্যান্য পরিচালন ব্যয় এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যবহার করা হবে।
জেলা প্রশাসক আরও জানান, নতুন নীতি পুরোপুরি বাস্তবায়নের জন্য একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক এবং একজন কম্পিউটার অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক মাস সময় লাগতে পারে।
ততদিন পর্যন্ত দানবাক্স থেকে গণনা করে পাওয়া সব অর্থ আগের নিয়মেই জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোনালী ব্যাংকের নির্ধারিত একটি হিসাবে সুরক্ষিত রাখা হচ্ছে।


