...|...|...

সারাদেশ

শরীয়তপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:০০
Shares
শরীয়তপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাজেল মাদবর নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর দিনগত রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। অবরোধ চলাকালে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয়। একপর্যায়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক লোক টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৩০ মিনিটেরও বেশি সময় বন্ধ থাকে সড়কের যান চলাচল। পদ্মা সেতুর দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গুরুত্বপূর্ণ এই সেতুর টোলপ্লাজার সামনের সড়কের এমন ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার তাজেল মাদবর ওই মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাজেল মাদবরকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।