নিজে কোনো গোল পাননি, তবে পুরো ম্যাচজুড়েই ছিল তার দাপুটে উপস্থিতি। বাংলাদেশি বংশোদ্ভূত শমিত সোমের দুর্দান্ত জোড়া অ্যাসিস্টে ফোর্ট ওয়েন এফসিকে ৪-২ গোলে হারিয়েছে নিউইয়র্ক কসমস।
ম্যাচে ফোর্ট ওয়েনের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠ দাপিয়ে বেড়িয়েছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। কসমসের আক্রমণের গতি বাড়ানো থেকে শুরু করে রক্ষণ সামলানো—সব বিভাগেই মূল কারিগর ছিলেন সোম।
ম্যাচের ৪৪তম মিনিটে শমিতের চমৎকার পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন লামিন জাওনে। বিরতির ঠিক আগে সেরহিও চাভেজ গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় কসমস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কসমস ৩-০ গোলের লিড নেয়। ৬৬তম মিনিটে রায়ান বেচার ফোর্ট ওয়েনের হয়ে একটি গোল শোধ করলেও এর পাঁচ মিনিট পর শমিতের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন জাওনে। শেষ দিকে স্বাগতিকরা আরেকটি গোল শোধ করলেও ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউইয়র্ক কসমস।
পুরো ম্যাচে ৪৭ বার বল স্পর্শ করা শমিত ৩১টি সফল পাস দেওয়ার পাশাপাশি রক্ষণে ৩টি ট্যাকল ও ২টি বল রিকভার করেন। দারুণ এই পারফরম্যান্সে জনপ্রিয় ফুটবল অ্যাপ ‘ফটমব’-এ ৮.৬ ম্যাচ রেটিং পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।


