...|...|...

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৫৯
Shares
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে আরও ৩৪০ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এসব বাংলাদেশির স্বেচ্ছা প্রত্যাবাসন সম্পন্ন হয়।

সংশ্লিষ্টরা জানান, দেশে ফেরা বেশিরভাগ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যাবাসন করা বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে ফেরা ব্যক্তিদের তাদের লিবিয়া যাত্রা ও দুর্বিষহ অভিজ্ঞতার কথা অন্যদের সাথে শেয়ার করার আহ্বান জানানো হয়, যাতে অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।