...|...|...

বিশ্ব

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলা, গ্রেফতার ৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩০
Shares
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলা, গ্রেফতার ৬

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাদের।

শুক্রবার (২৭ নভেম্বর) লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় অবশ্য প্রকাশ করেনি পুলিশ।

গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে এনসিপির নেতাকর্মীদের সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা গাছের ডাল দিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় পুলিশ। সেখানে প্রায় ৫০ জন পুরুষের উপস্থিতি ছিল। তাদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের আঘাত গুরুতর ছিল না।

পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ ব্যাপক তদন্ত চালানো হয়েছে। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়। যুক্তরাজ্যের ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, ‘এই সহিংস বিশৃঙ্খলা রেডব্রিজের স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই নিজেদের বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বিশৃঙ্খলাকারীরা সেখান থেকে চলে যায়। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এদিকে, সংঘর্ষের ঘটনায় এনসিপির নেতাকর্মীদের গ্রেফতারের খবর নাকচ করেছে দলটি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, তাদের দলের কেউ গ্রেফতার হননি।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস বলেন, ‘আমাদের ৬-৭ জনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। আমি শুক্রবার বিকেল ৩টায় পুলিশ স্টেশনে গিয়ে আমার সাক্ষাৎকার দিয়ে আসি। রাত ১০টায় তারা আমাকে ছেড়ে দেয়। আমি শুনেছি, অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে।’