লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রামগতির একটি রেস্তোরাঁয় গণসংযোগ মাস উপলক্ষে আয়োজিত দাওয়াতি সভা ও যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যোগদানকারীদের মধ্যে রয়েছেন ২ নম্বর চরবাদাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি মেহেরাহ মোল্লা, চরবাদাম ইউনিয়নের মোল্লা বাড়ির আব্দুর জাহের মোল্লা ও মুরাদ মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য ও রামগতি উপজেলা সাবেক আমির অধ্যাপক মিজানুর রহমান, জেলা জামায়াতের শূরা সদস্য ও কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির এবং জেলা জামায়াতের শূরা সদস্য ও রামগতি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
রামগতি উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ২ নম্বর চরবাদাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ আব্দুল খালেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কাছে ইসলামের আদর্শ ও জামায়াতে ইসলামীর নীতি-আদর্শ তুলে ধরতে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা নতুন যোগদানকারীদের দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


