...|...|...

বিশ্ব

রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ-ওআইসি-আসিয়ানের সাথে কাজ করবে মালয়েশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ৯:১৩
Shares
রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ-ওআইসি-আসিয়ানের সাথে কাজ করবে মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের পর জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আসিয়ানের সাথে আলোচনা চালানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

রবিবার (২২ নভেম্বর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার রায়কে তারা সম্মান জানায়। এই রায় অসহায় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় মালয়েশিয়ার দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত রায় দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাটি দায়ের করে। ২০১৭ সালের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং বিপুলসংখ্যক মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে কুয়ালালামপুর। বিশেষ করে দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগ কমাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন। এ ছাড়া অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন আটককেন্দ্রে আরও ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা ছিলেন।

এদিকে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারের সামরিক নেতাদের আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ সীমিত রয়েছে।

গত বুধবার মিয়ানমারের সামরিক বাহিনীসমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার কথা জানান। তবে সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের সাম্প্রতিক বৈঠকে নেতারা জানিয়েছেন, মিয়ানমার সংকট সমাধানে জোটের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি হলে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধাপে ধাপে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হতে পারে।