...|...|...

বিশ্ব

টেলিগ্রাফের প্রতিবেদন

রোহিঙ্গা গণহত্যার রায়ে বিপদে পড়তে যাচ্ছে নেতানিয়াহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৬
Shares
রোহিঙ্গা গণহত্যার রায়ে বিপদে পড়তে যাচ্ছে নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলায় বড় প্রভাব ফেলতে পারে। এতে ইসরায়েলের আত্মপক্ষ সমর্থন কঠিন হয়ে উঠতে পারে এবং নতুন আইনি চাপে পড়তে পারেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯১ পৃষ্ঠার রায়ে আইসিজে স্পষ্ট করেছে—গণহত্যার উদ্দেশ্য প্রমাণে সরাসরি লিখিত নির্দেশনা বা একক অকাট্য প্রমাণ থাকতেই হবে, এমন নয়। পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ ও সামগ্রিক প্রেক্ষাপট থেকেও ‘জেনোসাইডাল ইনটেন্ট’ বা গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ করা যেতে পারে।

মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ বলে দাবি করলেও আদালত তা গ্রহণ করেনি। দীর্ঘদিনের অধিকারবঞ্চনা, বিদ্বেষমূলক বক্তব্য, ব্যাপক হত্যাকাণ্ড ও ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা, গ্রাম ধ্বংস এবং সাত লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করার মতো ঘটনাগুলো একসাথে বিবেচনা করে আদালত গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ পেয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, এই ব্যাখ্যা গাজা মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করেছে। ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভের আইন উপদেষ্টা বেইনি ইয়ে বলেছেন, পারিপার্শ্বিক তথ্য থেকে গণহত্যার উদ্দেশ্য নির্ধারণের মানদণ্ড নির্দিষ্ট করে দিয়ে আদালত আইনের ক্ষেত্রে বড় দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরেক আইন বিশেষজ্ঞ নিমের সুলতানির মতে, মিয়ানমার মামলায় যেভাবে অতীতের সামরিক অভিযান ও সামগ্রিক আচরণ বিবেচনা করা হয়েছে, গাজার ক্ষেত্রেও ইসরায়েলের পূর্ববর্তী সামরিক অভিযান একইভাবে আলোচনায় আসতে পারে।

এদিকে জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, আইসিজের নতুন রায় ইসরায়েলের আত্মপক্ষ সমর্থনের সক্ষমতা দুর্বল করতে পারে। কারণ কোনো জনগোষ্ঠীর একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও পাল্টা হামলা গণহত্যার পর্যায়ে যেতে পারে—এমন ব্যাখ্যার সুযোগ তৈরি হয়েছে।

নেতানিয়াহুর ওপর চাপ শুধু আইসিজেতেই সীমাবদ্ধ নয়। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাও রয়েছে তার বিরুদ্ধে। একই সাথে সাম্প্রতিক নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং বর্তমানে সরকার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছে।

তবে গাজা মামলায় দ্রুত চূড়ান্ত রায় আসার সম্ভাবনা কম। বিশেষজ্ঞদের ধারণা, আইসিজের চূড়ান্ত সিদ্ধান্ত পেতে এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে।