...|...|...

খেলা

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩০
Shares
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

লিডসে রোমাঞ্চকর লড়াইয়ের পর ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৯ রান। চোট নিয়েও শেষদিকে ব্যাটিংয়ে ফিরে জয়ের আশা জাগিয়েছিলেন অধিনায়ক জস বাটলার। তবে ওভারের প্রথম বলেই তার বিদায়ে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রতিরোধ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লিডসের হেডিংলিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে পাথুম নিসাঙ্কা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে ৪৫ রান যোগ হয়। ৩৩ বলে ২৫ রান করে নিসাঙ্কা ফিরলে অধিনায়ক কুশল মেন্ডিসকে সাথে নিয়ে ইনিংসের নিয়ন্ত্রণ নেন কামিন্দু।

কামিন্দু ও কুশলের ব্যাটে দ্রুত বাড়তে থাকে শ্রীলঙ্কার রান। দুজনই তুলে নেন অর্ধশতক। ৬৫ বলে ৫৪ রান করে কামিন্দু আউট হলেও কুশল মেন্ডিস চালিয়ে যান আক্রমণ। শেষ পর্যন্ত ১০০ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ২২২ রানের সময় সাজঘরে ফেরেন তিনি।

কুশল ফেরার পরও শ্রীলঙ্কার রান থামেনি। আসালাঙ্কা ১১ রান করে ফিরে গেলেও পাভান রাথনায়েকে ৩৯ বলে ৪৮, জানিথ লিয়ানাগে ২৬ বলে ৩২ এবং দুনিথ ভেল্লালাগে ১৫ বলে ১৬ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে রেহান আহমেদ ও গাস অ্যাটকিনসন দুটি করে উইকেট নেন। জফরা আর্চার পান একটি উইকেট।

৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণে যায় ইংল্যান্ড। বেন ডাকেট ও টম ব্যান্টনের ব্যাটে আসে ১৪৩ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি। ডাকেট ৬৩ বলে ৬৭ রান করে ফেরেন। এরপর ব্যান্টনও ৬২ বলে ৭৩ রান করে আউট হন।

দুই ওপেনারের বিদায়ের পর ইংল্যান্ডের রান তোলার গতি কিছুটা কমে আসে। জো রুট ১৭ বলে ১৫ রান করে ফেরেন। হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। এরপর হাল ধরেন বাটলার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়ে দলকে জয়ের পথে রাখেন তিনি।

তবে চোটের কারণে একপর্যায়ে মাঠ ছাড়তে হয় ইংলিশ অধিনায়ককে। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডের রান তোলার গতি আবারও বাধাগ্রস্ত হয়। উইল জ্যাকস অবশ্য লড়াই চালিয়ে যান। ৬১ বলে ৫২ রানের ইনিংস খেলে তিনি ইংল্যান্ডকে ম্যাচে ধরে রাখেন।

শেষদিকে আবার ব্যাট হাতে মাঠে ফেরেন বাটলার। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৯ রান। কিন্তু প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৪৯ বলে ৬৯ রানের লড়াকু ইনিংসে থামে বাটলারের চেষ্টা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। ৩০৫ রানে অলআউট হয়ে ১৬ রানে ম্যাচটি হারে তারা।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুনিথ ভেল্লালাগে সবচেয়ে সফল, ৩ উইকেট নেন তিনি। ইশান মালিঙ্গা ও দিলশান মাদুশাঙ্কা পান দুটি করে উইকেট। এ ছাড়া আসিথা ফার্নান্দো ও সাচিন্দু কলম্বাগে একটি করে উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। ফলে সিরিজের শেষ ওয়ানডের ফলেই নির্ধারিত হবে ট্রফি যাবে কোন দলের হাতে।