দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে ফুটবল অঙ্গনের তারকারা। এবার রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে, রোনালদোর অর্জন শুধু রেকর্ড কিংবা গোলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রোনালদোর অবসরের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান ইনফান্তিনো। সেখানে পর্তুগিজ তারকার অসাধারণ প্রতিভা, অদম্য মানসিকতা এবং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ওপর তার প্রভাবের কথা তুলে ধরেন ফিফা সভাপতি। গোল ডটকমের প্রতিবেদনের এসব তথ্য জানানো হয়।
নিজের বার্তায় ইনফান্তিনো লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো করে খুব কম খেলোয়াড়ই ফুটবলপ্রেমীদের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং নিজের সামর্থ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা। এসব দিয়েই সংজ্ঞায়িত তার ক্যারিয়ার।’
রোনালদোর ব্যক্তিগত ও দলীয় অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে তার অনন্য রেকর্ডগুলোর কথাও উল্লেখ করেছেন ইনফান্তিনো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছেন এই পর্তুগিজ তারকা। ফিফা সভাপতির মতে, এসব অর্জন ভবিষ্যতে পুনরাবৃত্তি করা কঠিন। তবে তার প্রভাব কেবল পরিসংখ্যান বা শিরোপায় সীমাবদ্ধ নয়।
ইনফান্তিনো বলেন, ‘ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি গড়েছেন, যেগুলোর পুনরাবৃত্তি সম্ভবত কখনোই হবে না। তবে তার অর্জন রেকর্ড, শিরোপা ও গোলের চেয়েও অনেক বড়। তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, লাখো ভক্তকে একত্র করেছেন এবং বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পর্তুগালের আশা ও গৌরব বহন করেছেন।’
রোনালদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বার্তার শেষাংশে ফিফা সভাপতি আরও লেখেন, ‘ধন্যবাদ, ক্রিশ্চিয়ানো। আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত এবং আমাদের এই সুন্দর খেলায় আপনার বিশাল অবদানের জন্য। অনেক গর্বের সাথে আপনি পর্তুগালের জাতীয় দলের জার্সি পরেছেন। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার চিরকাল ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পর্তুগালের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন রোনালদো। তার বিদায়ে আন্তর্জাতিক ফুটবলে একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটলেও মাঠের কীর্তি ও বিশ্বজুড়ে সমর্থকদের ওপর তার প্রভাব থেকে যাবে ফুটবল ইতিহাসে।



