ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ে পর্তুগালের সামনে তৈরি হয়েছে বড় শূন্যতা। তবে সেটি শুধু মাঠের পারফরম্যান্সে নয়, মাঠের বাইরের প্রভাব ও অর্থনৈতিক ক্ষেত্রেও। গোল করার দায়িত্বে নতুন কাউকে পাওয়া কঠিন না হলেও বিশ্বজুড়ে রোনালদোর জনপ্রিয়তা, ব্র্যান্ডমূল্য ও বাণিজ্যিক প্রভাব পূরণ করা পর্তুগিজ ফুটবল ফেডারেশনের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণেই তার বিদায়কে পর্তুগিজ ফুটবলের অর্থনৈতিক ‘বিপর্যয়’ হিসেবে দেখছেন অনেকে।
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের বিষয়ে রোনালদো বরাবরই বলেছিলেন, দলের জন্য নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে সরে দাঁড়াবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, আর অবদান রাখতে না পারলে সবার আগে নিজেই বিদায় নেবেন। শেষ পর্যন্ত কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধ ও জাতীয় দলে খেলার সুযোগ নিয়ে অসন্তোষের পর ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর বিদায়ে পর্তুগালের মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের বাণিজ্যিক প্রভাব সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ হতে পারে।
ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ ড্যানিয়েল সা মনে করেন, ব্র্যান্ডমূল্যের দিক থেকে রোনালদো একাই পর্তুগাল জাতীয় দলের চেয়ে অনেক বেশি পরিচিত। তার বিদায়ে আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ, স্পন্সরশিপ ও বাণিজ্যিক চুক্তিতে প্রভাব পড়তে পারে। সা-র ভাষায়, রোনালদো শুধু অসাধারণ ফুটবলার নন, তিনি পর্তুগালের পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার অন্যতম বড় মাধ্যম।
রোনালদোর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ গ্যারি নেভিলও মনে করেছিলেন, নিজের ইচ্ছায় এই তারকার পক্ষে সরে দাঁড়ানো কঠিন। ২০২৪ সালের ইউরোতে হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি বলেছিলেন, কিছু খেলোয়াড় নিজেরাই বুঝতে পারেন কখন থামতে হবে, আবার কাউকে কাউকে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হয়। রোনালদো শেষ পর্যন্ত দ্বিতীয় দলের খেলোয়াড় হিসেবেই প্রমাণিত হয়েছেন।
পর্তুগালের কোচ হিসেবে রবার্তো মার্তিনেজের স্থলাভিষিক্ত হওয়া হোর্হে জেসুসের নিয়োগে রোনালদোর সমর্থন ছিল। তবে দায়িত্ব নেওয়ার পর কোচ তাকে পরিকল্পনার কেন্দ্রে রাখেননি। কখন ও কতক্ষণ খেলবেন, তা নিয়ে দুজনের মতবিরোধ তৈরি হয়। দলের প্রয়োজনে রোনালদোকে পুরো ম্যাচ বেঞ্চে বসিয়েও রাখেন জেসুস।
পরে প্রায় দুই হাজার শব্দের এক বিবৃতিতে কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ তোলেন রোনালদো। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে জাতীয় দল ছেড়ে যাওয়ার ঘটনায় নিষেধাজ্ঞা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান পর্তুগিজ অধিনায়ক।
তবে মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও পর্তুগালের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিচিতিতে রোনালদোর অবদান বড়। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসাও এক অনুষ্ঠানে তাকে পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করেছিলেন। চলতি বছরের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ইচ্ছা ছিল রোনালদোর। তবে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে ফেডারেশন সভাপতি তাকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন তিনি।
বিশ্বের অন্যতম পরিচিত ক্রীড়া তারকা হিসেবে রোনালদোর নাম পর্তুগাল জাতীয় দলের জন্য বাড়তি প্রচার ও স্পন্সরশিপের সুযোগ তৈরি করেছে। তিনি যে শুধু ফুটবলার নন, বরং বিশাল বাণিজ্যিক শক্তি, তার প্রমাণ ক্লাব ফুটবলেও মিলেছে।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বেড়েছিল এক দিনেই ২২ লাখ। ক্রীড়া অর্থনীতি বিষয়ক লেখক মার্কো বেলিনাজ্জোর মতে, আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিকভাবে এগিয়ে যেতে রোনালদোর মতো বৈশ্বিক তারকা বড় ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে উত্তর আমেরিকা ও এশিয়ার বাজারে নতুন চুক্তি ও ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে তার উপস্থিতি কার্যকর।
জুভেন্টাসে যোগ দেওয়ার ছয় মাসের মধ্যে অ্যাডিডাসের সাথে ক্লাবটির সাত বছরের নতুন চুক্তি হয়, যার মূল্য ছিল ৩৫৭ মিলিয়ন ইউরো আগের চুক্তির প্রায় দ্বিগুণ। ২০১৯ সালে জার্সি স্পন্সর জিপের সাথেও চুক্তির পরিমাণ বাড়ায় ক্লাবটি। এসব সাফল্যে রোনালদোর জনপ্রিয়তার প্রভাব ছিল বলে মনে করা হয়।
তবে মাঠে রোনালদোর শূন্যতা পূরণ তুলনামূলক সহজ হতে পারে। পর্তুগালের আক্রমণভাগে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। সম্ভাব্য বিকল্প গনসালো রামোস। ২০২২ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
সাম্প্রতিক ডেনমার্ক ও নরওয়ের বিপক্ষেও গোল করেছেন রামোস। টানা তিন ম্যাচে শুরুর একাদশে নেমে করেছেন তিন গোল। জাতীয় দলের হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে গোল পেয়েছেন এই ফরোয়ার্ড। অথচ ২০২২ বিশ্বকাপে রোনালদোর কারণে পুরো টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র ৩৪ মিনিট।
পর্তুগালের সংবাদমাধ্যম ‘আ বোলা’র পাঠকদের পছন্দের একাদশেও রোনালদোর চেয়ে এগিয়ে ছিলেন রামোস। ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে করা ওই জরিপে গোল করার দক্ষতার পাশাপাশি তার গতি, নড়াচড়া ও সতীর্থদের সাথে সমন্বয়ের সক্ষমতা গুরুত্ব পেয়েছিল।
বয়স বাড়ার সাথে রোনালদোর গতি ও মাঠে চলাচলের সক্ষমতা কমেছে। বিশ্লেষকদের মতে, গত তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে তাকে ঘিরে কৌশল সাজাতে গিয়ে পর্তুগাল আক্রমণভাগের অন্য প্রতিভাবান খেলোয়াড়দের পুরোপুরি কাজে লাগাতে পারেনি।
এখন নতুন প্রজন্মকে ঘিরে দল সাজানোর সুযোগ পাচ্ছে পর্তুগাল। ৪০ পেরোনো স্ট্রাইকারের পরিবর্তে ২০-এর কোঠায় থাকা ফরোয়ার্ডকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে পারবে তারা। তবে আগামী বছরগুলোতে দলটি বড় শিরোপা জিতবে কি না, তা নিশ্চিত নয়।
পর্তুগিজ ফুটবলে রোনালদোর অবদান কখনোই অস্বীকার করা যাবে না। তার নেতৃত্বে দল পেয়েছে ইতিহাসের অন্যতম বড় সাফল্য। গোল, অভিজ্ঞতা ও নেতৃত্বের অভাব মাঠে অনুভূত হবে। তবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও বাণিজ্যিক প্রভাবের জায়গায় তার শূন্যতা পূরণ করা আরও কঠিন। মাঠে নতুনভাবে শক্তিশালী হওয়ার সুযোগ পেলেও বিশ্ব ফুটবলের বাজারে রোনালদোর মতো তারকাকে প্রতিস্থাপন করা পর্তুগালের জন্য প্রায় অসম্ভব।




