...|...|...

খেলা

রোনালদোর অবসর নিয়ে যা বললেন পর্তুগাল কোচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৩
Shares
রোনালদোর অবসর নিয়ে যা বললেন পর্তুগাল কোচ

ছবি: সংগৃহীত

হুট করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের আন্তর্জাতিক বিরতিতে কোচ জর্জ জেসুসের সাথে মনোমালিন্যের পর ক্যাম্প ছাড়লেও পরবর্তীতে তিনি খেলে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলেন। এমনকি কোচও তার জন্য জাতীয় দলের দরজা খোলা রেখেছিলেন। তবে দলের প্রধান তারকার এমন হঠাৎ অবসরের ঘোষণায় নিজের হতাশা লুকাতে পারেননি কোচ জেসুস।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে অবসরের ঘোষণা দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। রোনালদোর এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে জেসুস বলেন, ‘ক্রিস একজন বিশ্বখ্যাত আইকন, পর্তুগাল ও জাতীয় দলের এক আদর্শ। আমি আমাদের অডিটোরিয়ামে তার একটি বড় ছবি লাগিয়েছি, যাতে তরুণ খেলোয়াড়রা প্রতিদিন তা চোখের সামনে দেখতে পায়।’

রোনালদোকে দলে রাখার অনুরোধ করেছিলেন জানিয়ে কোচ আরও বলেন, ‘আমি তাকে আমার সাথে খেলা চালিয়ে যেতে বলেছিলাম, কারণ আমার পাশে তাকে আমার দরকার ছিল। কিন্তু তার সিদ্ধান্ত আমাকে মানতে হবে। সে সবসময় পর্তুগিজ জনগণের হৃদয়ে ও ফুটবলের দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু বিবেক দিয়ে নয়, হৃদয় দিয়ে নিতে হয়।’ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যদি কখনো আপনাদের খুশির কারণ হয়ে থাকি, গোল উদযাপনে কাউকে জড়িয়ে ধরে থাকেন বা দেশকে নিয়ে গর্ব করে থাকেন, সেটাই আমার সার্থকতা।’

২০০৩ সালে অভিষেকের পর দীর্ঘ দুই দশকের বেশি সময় পর্তুগালের জার্সিতে খেলেছেন রোনালদো। ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করা এই মহাতারকার নেতৃত্বে ২০১৬ ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ ও গোলের রেকর্ড দুটোই এখন তার দখলে।