২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।
হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাব অনুসরণ করে। এ কারণে গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সে হিসাবে ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে রমজান শুরু হতে পারে।
রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয় এবং ভোরের আগে সেহরি গ্রহণ করা হয়। এ মাসে ইবাদত, দান-সদকা ও সামাজিক বন্ধন জোরদারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
গালফ নিউজ জানিয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য সময়ও প্রকাশ করা হয়েছে।
ঈদুল ফিতর কবে হতে পারে
গালফ নিউজের বরাতে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ হতে পারে।
৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে ২৯ রোজা শেষে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ১০ মার্চ বুধবার ঈদ হতে পারে।
তবে ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ শাওয়ালের চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।
ঈদুল আজহার সম্ভাব্য সময়
২০২৭ সালের ১৫ থেকে ১৮ মে’র মধ্যে আরাফাত দিবস ও ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে বলে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ধারণা করা হয়েছে।
ইসলামের অন্যতম পবিত্র দিন আরাফাত দিবসের পর ঈদুল আজহা শুরু হয়। তবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপরই এসব দিনের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।


