...|...|...

খেলা

রেফারিকে পাথর ছুড়ে গুরুতর আহত, ফুটবল থেকে নিষিদ্ধ ইকুয়েডরের ফুটবলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮
Shares
রেফারিকে পাথর ছুড়ে গুরুতর আহত, ফুটবল থেকে নিষিদ্ধ ইকুয়েডরের ফুটবলার

ছবি: সংগৃহীত

সহকারী রেফারির দিকে পাথর ছুড়ে গুরুতর আহত করার ঘটনায় আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইকুয়েডরের ফুটবলার জন পেরলাজা। অস্ত্রোপচার করাতে হয়েছে আহত ম্যাচ কর্মকর্তাকে। এ ঘটনায় খেলোয়াড়কে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি তার ক্লাব সিউদাদ দে ইয়ানৎসাজাকে জরিমানাও করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে পেরলাজার শাস্তির বিষয়টি জানায় এফইএফ। গত ১৭ অক্টোবর ইকুয়েডরের তৃতীয় বিভাগের ম্যাচে ক্লাব সিউদাদ দে ইয়ানৎসাজা ও ক্লাব রিও আগুয়ারিকো এফসির মুখোমুখি লড়াইয়ে এ ঘটনা ঘটে। ম্যাচের ৯৬তম মিনিটে পাথরের আঘাতে গুরুতর আহত হন সহকারী রেফারি লেনিন জিওভানি ওহেদা নুনেজ। এ ঘটনায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এফইএফের শৃঙ্খলা কমিটির তদন্তে পেরলাজার বিরুদ্ধে ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক হামলার অভিযোগ প্রমাণিত হয়। এরপর তাকে আট বছরের জন্য ফুটবলসংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ফেডারেশন জানিয়েছে, পেরলাজার নিষেধাজ্ঞা যেন শুধু ইকুয়েডরেই সীমাবদ্ধ না থাকে, সে জন্য ফিফার কাছে শাস্তির পরিধি বিশ্বব্যাপী কার্যকর করার আবেদন জানানো হবে। ফিফা সেই আবেদন অনুমোদন করলে অন্য দেশেও ফুটবল খেলতে কিংবা ফুটবলসংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এই খেলোয়াড়।

আহত সহকারী রেফারির চিকিৎসায় অস্ত্রোপচার করতে হয়েছে। সুস্থ হতে তার প্রায় ৬০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে এফইএফ।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক আক্রমণের জন্য খেলোয়াড়কে দায়ী করেছে। এ অপরাধের শাস্তি হিসেবে তাকে ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ফুটবলসংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জরিমানা গুনতে হচ্ছে ক্লাবকেও

খেলোয়াড়ের শাস্তির পাশাপাশি ক্লাব সিউদাদ দে ইয়ানৎসাজার ওপরও আর্থিক জরিমানা আরোপ করেছে এফইএফ। ক্লাবটিকে ২ হাজার ডলার জরিমানা দিতে হবে। এ ছাড়া আহত সহকারী রেফারির চিকিৎসার খরচ বাবদ আরও ৪ হাজার ৩৬৯ ডলার ৭৩ সেন্ট পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার তিন দিন পর, ২০ অক্টোবর এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছিল ইয়ানৎসাজা। ক্লাব কর্তৃপক্ষ জানায়, ঘটনার সাথে জড়িত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়, মাঠের ভেতরে কিংবা বাইরে কোনো ধরনের মৌখিক বা শারীরিক সহিংসতাকে তারা সমর্থন করে না। ফুটবলকে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও ক্রীড়াসুলভ আচরণের জায়গা হিসেবে দেখতে চায় তারা।

ফিফার কাছে এফইএফের আবেদন অনুমোদিত হলে পেরলাজার আট বছরের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক পর্যায়েও কার্যকর হবে। সে ক্ষেত্রে ২০৩৪ সাল পর্যন্ত ফুটবল থেকে দূরে থাকতে হবে এই ইকুয়েডরিয়ান ফুটবলারকে।