রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। শনিবার রাশিয়ায় থাকা সাগরের এক বন্ধু মুঠোফোনে তার বোনকে মৃত্যুর খবর জানান। ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিম্নবিত্ত পরিবারের আর্থিক সংকট লাঘবে কিশোর বয়স থেকেই উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালিয়ে সহায়তা করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে প্রায় ৭০ হাজার টাকা বেতন পেতেন তিনি। সেখানে কাজ করার সময় এক বাংলাদেশি দালালের সাথে তার পরিচয় হয়।
অভিযোগ অনুযায়ী, ওই দালাল রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, রাশিয়ায় বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাকে জানিয়েছিলেন। তখন তিনি সাগরকে নিষেধ করেছিলেন। তার অভিযোগ, ওই দেশের দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছেন। শনিবার সাগরের এক বন্ধু তার মৃত্যুর খবর দিয়েছেন।
সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে নানা রোগে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সাথে কথা বলতে পারেননি। এখন শুনছেন, তার ছেলে আর বেঁচে নেই।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।


