...|...|...

খেলা

রিয়ালের জার্সিতে ইতিহাস গড়তে চান গুলের, চুক্তির মেয়াদ বাড়াল রিয়াল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:০১
Shares
রিয়ালের জার্সিতে ইতিহাস গড়তে চান গুলের, চুক্তির মেয়াদ বাড়াল রিয়াল

আরদা গুলের। ছবি: সংগৃহীত

তুরস্কের তরুণ মিডফিল্ডার আরদা গুলেরের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ২১ বছর বয়সী এই ফুটবলার। পারফরম্যান্স দিয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা গুলেরের ওপর আস্থা রেখেই দীর্ঘমেয়াদি এই চুক্তি করেছে লস ব্লাঙ্কোসরা।

নতুন চুক্তির বিষয়টি সামনে আসার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন গুলের। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রিয়ালের হয়ে আরও অনেক বছর খেলার পাশাপাশি নতুন শিরোপা জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন তিনি। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে আরও তিন বছর যুক্ত হলো।

২০২৩ সালে তুরস্কের ক্লাব ফেনেরবাচে থেকে ২ কোটি ইউরো ও বোনাসের বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন গুলের। শুরুতে ভবিষ্যতের প্রতিভা হিসেবে বিবেচিত হলেও ধীরে ধীরে নিজের সামর্থ্য প্রমাণ করে জায়গা করে নিয়েছেন মূল একাদশে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। এ সময়ে জিতেছেন পাঁচটি বড় শিরোপা, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও ক্লাব বিশ্বকাপ।

২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন গুলের। রিয়ালের জার্সিতে নিজের অবস্থান আরও শক্ত করার পাশাপাশি নতুন চুক্তির মাধ্যমে দীর্ঘদিন ক্লাবটির সাথে থাকার সুযোগ পাচ্ছেন তিনি।

চুক্তি নবায়নের পর নিজের অনুভূতি জানিয়ে গুলের লিখেছেন, ‘প্রথমবার রিয়াল মাদ্রিদের জার্সি পরার সময়ই বুঝেছিলাম, বিশাল এক ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আজও সেই গর্ব ও আনন্দ অনুভব করছি। তবে এখন দায়িত্ব আরও বেশি।’

ক্লাবটির হয়ে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেছেন তুরস্কের এই তারকা। তিনি লিখেছেন, ‘আমার স্বপ্ন, অনেক বছর এই জার্সি পরে খেলা, একসাথে নতুন শিরোপা জেতা এবং একদিন এই ক্লাবের ইতিহাসে নিজের ছাপ রেখে যাওয়া।’

আগামী ২০৩২ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলার সুযোগ পেয়ে এবার ক্লাবটির ইতিহাসে স্থায়ী জায়গা করে নেওয়াই গুলেরের লক্ষ্য।