রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক দুই সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল (৪৭) ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩)।
আদালত সূত্রে জানা যায়, চার দিনের রিমান্ড শেষে শুক্রবার পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৩ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম দুই আসামির প্রত্যেককে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা নাম্বার ওয়ান’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত ছিলেন। ওই গ্রুপের মাধ্যমে তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানি দিতে পারে-এমন ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবদুল আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রাখছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ এবং রাষ্ট্রবিরোধী সংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ তৈরি করে সহিংসতা ও অস্থিতিশীলতা উসকে দিতে পারে-এমন কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছিল।
এসব অভিযোগের ভিত্তিতে গত ১২ অক্টোবর রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়ের করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আকবর।


