কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলা প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে এ রিট দায়ের করেন।
রিটকারী আইনজীবী জানান, সাম্প্রতিক সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলার ঘটনাও ঘটছে।
এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া, ‘তৌহিদী জনতা’ পরিচয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা প্রতিরোধ এবং সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে বলে জানান তিনি।
আইনজীবী সাদ্দাম হোসেন অভি বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাঙালি জাতীয়তাবাদী সত্তা নষ্ট করার উদ্দেশ্যে এসব আগ্রাসন চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, এ ধরনের অপতৎপরতা বন্ধে সরকারকে কার্যকর সুরক্ষাব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে আইনগতভাবে ও নির্বিঘ্নে নিজেদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, রিটে সেই নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।


