ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ছবি দিয়েই জাতীয় পরিচয়পত্র তৈরি করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রায়ের বিষয়টি নিশ্চিত করে কামাল হোসেন মিয়াজী বলেন, রিটের রুল খারিজ হওয়ায় এখন ছবি ছাড়া এনআইডি করার সুযোগ নেই।
ইসলামী শরীয়ত মতে পর্দা পালনের কথা উল্লেখ করে ২০২২ সালে রিট আবেদনটি করেছিলেন রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। এনআইডি না থাকায় মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়ে ছবি ছাড়া বিকল্প উপায়ে পরিচয়পত্র দেওয়ার আবেদন জানান তিনি। নির্বাচন কমিশন থেকে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে এই রিট করেন।
ওই বছরের ৬ মার্চ শুনানি শেষে ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি তৈরির পদক্ষেপ নেওয়ার বিষয়ে রুল জারি করেন আদালত। চূড়ান্ত শুনানি শেষে আজ সেই রুলটিই খারিজ করে দিলেন হাইকোর্ট।
রুল শুনানির সময় রাষ্ট্রপক্ষ যুক্তিতে জানিয়েছিল, ছবিটি মূলত নিরাপত্তার অংশ। এমনকি হজ পালন বা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও ছবির প্রয়োজন হয়। আর বায়োমেট্রিক ফিচারের ক্ষেত্রে চোখের আইরিশ শনাক্তের জন্য পর্দা সরানোর বাধ্যবাধকতা থেকেই যায়।


