বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দাওয়াহ ও তালিমুল কুরআন সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম বলেছেন, বাংলাদেশসহ সারা বিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে, তার অন্যতম কারণ ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠিত না থাকা। ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে মানুষের সব সমস্যার সমাধান সম্ভব।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা মহিলা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে রাসূল (সা.)-এর মূলনীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহানারা বেগম বলেন, রাসূল (সা.) মক্কায় ১৩ বছর ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। পরবর্তীতে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেখানে বিভিন্ন সমস্যার সমাধান হয়েছিল। তাই রাসূল (সা.) এর আদর্শ অনুসরণ করে ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে সমাজের নানা অস্থিরতা ও সমস্যার সমাধান হবে।
তিনি আরও বলেন, রাসূল (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি জীবন গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজও সুন্দর হয়ে উঠবে। এ সময় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান।
নাটোর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ শেলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপিকা মোস্তাজিয়া বানু। সঞ্চালনা করেন নাটোর শহর শাখার সহকারী সেক্রেটারি নিলুফার নূরানী।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নাটোর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি জুবাইদা কাঁকন লিপি। আরও বক্তব্য দেন জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মাসুমা নাসরিন, নাটোর শহর সেক্রেটারি নাজমে ইনশিরা স্পেনী, নাটোর সদর সেক্রেটারি নূরনাহার খানম, সদর সহকারী সেক্রেটারি নাইমা ইসলাম ও সহকারী অধ্যাপক আসমা খাতুন।
সেমিনারে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের তিন শতাধিক নেতাকর্মী ও নারী অংশগ্রহণ করেন।


