...|...|...

জাতীয়

রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ১১:২২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, রাত ১১:২৩
Shares
রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানেরা রাষ্ট্রপতিকে নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

তিন বাহিনী প্রধানের সাথে মতবিনিময়কালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

রাষ্ট্রপতি আরও বলেন, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।