রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই তিন কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে তাদের দায়িত্ব পালনের অবসান ঘটেছে।
এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য ওই কর্মকর্তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
তবে কী কারণে তাদের রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।


