কক্সবাজারের রামুতে ট্রেনের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের পর উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী একটি ট্রেনের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হলে সেটির যাত্রীরা গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই ভাই-বোনের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এতে একই পরিবারের মোট চার সদস্য প্রাণ হারান।

