...|...|...

ক্যাম্পাস

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, মামলার আশ্বাস প্রশাসনের

রাবি প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ২:২৬
Shares
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, মামলার আশ্বাস প্রশাসনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সোমবারের মধ্যে মামলা করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের আশ্বাসে আপাতত কর্মসূচি থেকে সরে এসেছেন সাংবাদিকরা। তবে হামলাকারীদের গ্রেফতারসহ অন্যান্য দাবিতে অনড় রয়েছেন তারা।

রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ আরও কয়েকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি জানান সাংবাদিকরা।

সাংবাদিকদের দাবির মধ্যে রয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মামলা করতে হবে এবং সোমবার বেলা ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার নিশ্চিত করতে হবে। হামলায় জড়িতদের মধ্যে যাদের ছাত্রত্ব রয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল এবং যাদের পড়াশোনা শেষ হয়েছে, তাদের সনদ বাতিলের দাবিও জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন-এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান সাংবাদিকরা।

এ ছাড়া হামলার ঘটনায় মামলা করার বিষয়টি নিশ্চিত করা এবং অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত রাতের মধ্যেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান তারা।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সোমবারের মধ্যে মামলা করার আশ্বাস দেওয়া হলে সাংবাদিকরা আপাতত কর্মসূচি থেকে সরে আসেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী মামলা করা না হলে পরবর্তী কর্মসূচির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সাংবাদিকরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সংশ্লিষ্ট হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার রাতে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।