ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছনে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রাজধানীর বনানী, আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এর আগে শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এবং মিরপুর চিড়িয়াখানার সামনের সড়কে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। এরপর ককটেলটিকে উদ্ধার করে সেটিকে নিষ্ক্রিয় করা হয়। শাহবাগ থানার বাবুপুরা বাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে আদাবর থানার শেখেরটেকের ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর রাত ১১টার আগে বনানী থানার মহাখালী বাসস্ট্যান্ডে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হননি।
তেজগাঁও বিভাগ পুলিশ সূত্র জানায়, আদাবরের শেখেরটেক এবং তেজগাঁও শিল্পাঞ্চলের এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে রাত ৮টা ১০ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবনের ১ নম্বর গেটের পাশে তালুকদার ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।


