...|...|...

খেলা

রাতভর পার্টি ও মদপানের অভিযোগে বিতর্কে ম্যানসিটির ১২০০ কোটির তারকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০:১১
Shares
রাতভর পার্টি ও মদপানের অভিযোগে বিতর্কে ম্যানসিটির ১২০০ কোটির তারকা

ছবি: সংগৃহীত

টানা দুই রাত নাইট ক্লাবে সময় কাটানোর পর এভারটনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ। মাঠের বাইরের জীবনযাপন নিয়ে আগেও সমালোচনায় পড়েছেন ম্যানচেস্টার সিটি থেকে ধারে এভারটনে যাওয়া এই উইঙ্গার। এবার তার রাতভর পার্টিতে সময় কাটানোর ঘটনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ ও ২০ অক্টোবর টানা দুই রাত বাইরে সময় কাটান গ্রিলিশ। এর কয়েক দিন পর নিউক্যাসলের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে এভারটনের স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে নাইট ক্লাবে পার্টির বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি এভারটন কোচ ডেভিড ময়েস। এ বিষয়ে তিনি বলেন, ‘ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে, আর আমি সেটিকে সমর্থন করি।’

২০২১ সালে ১০ কোটি পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে দলে ভিড়িয়েছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তখন বাংলাদেশি মুদ্রায় দলবদল ফি ছিল প্রায় ১২০০ কোটি টাকা। তবে সিটির হয়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় পরে তাকে ধারে এভারটনে পাঠানো হয়।

ক্লাব বদলালেও মাঠের বাইরের জীবনযাপন নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি গ্রিলিশের। গত এপ্রিলেও ম্যানচেস্টারের একটি বারে তাকে মাতাল অবস্থায় দেখা গিয়েছিল। এবার টানা দুই রাত বাইরে কাটানোর ঘটনায় আবারও আলোচনায় এসেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ১৯ অক্টোবর লন্ডনে প্রাইড অব ব্রিটেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন গ্রিলিশ। অনুষ্ঠান শেষে একটি বারে যান তিনি। সেখানে ভোররাত পর্যন্ত সময় কাটান ইংল্যান্ডের এই উইঙ্গার।

পরদিন এভারটনের অনুশীলনে অংশ নেন গ্রিলিশ। তবে সন্ধ্যায় আবারও বাইরে বের হন তিনি। উইলমসলোতে দ্য মাকি পাপ নামের একটি নাইট ক্লাবে সতীর্থ জর্ডান পিকফোর্ড ও টাইলার ডিবলিংয়ের সাথে দেখা যায় তাকে। তাদের সাথে ছিলেন ম্যানচেস্টার সিটিতে গ্রিলিশের সাবেক সতীর্থ কাইল ওয়াকারও।

প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটির একটি ব্যক্তিগত কক্ষে বসে পিএসজি ও বার্সেলোনার ম্যাচ দেখেন তারা। এ সময় প্রচুর মদ্যপান করেন গ্রিলিশ এমন দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

এর কয়েক দিন পর নিউক্যাসলের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে এভারটনের স্কোয়াডে রাখা হয়নি তাকে। এ নিয়ে কোচ ডেভিড ময়েসের বক্তব্যের পরও গ্রিলিশকে বাদ দেওয়ার পেছনে তার সাম্প্রতিক রাতযাপনের বিষয়টি নিয়ে আলোচনা থামেনি।

এভারটনে সপ্তাহে ৩ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা বেতন পান গ্রিলিশ। তবে মাঠে তার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেও গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি তিনি। উল্টো একটি হলুদ কার্ড দেখেছেন।

২০২৪ সালের পর ইংল্যান্ড জাতীয় দলেও আর ডাক পাননি গ্রিলিশ। এবার মাঠের বাইরের কর্মকাণ্ডের কারণে ক্লাবের স্কোয়াডে জায়গা হারানোয় তার ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।