রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা এবং কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
বিবৃতিতে সংস্থাটি জানায়, মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকার অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটার অভিযোগকে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অস্বস্তিকর দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে টিআইবি।
ইফতেখারুজ্জামান বলেন, প্রায় পঞ্চাশ বছর ধরে দরিদ্র ও অসহায় নারী-শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানে এমন হামলা ও দখলচেষ্টার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও সরকারের প্রতি জনআস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে বিএনপির একাংশের নেতাকর্মীর বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের নানা অভিযোগ উঠে আসছে।
টিআইবির দাবি অনুযায়ী, বাস টার্মিনাল, ফুটপাত, হাটবাজার, জলমহাল, বালুমহাল এবং ক্যাবল-ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাত দখল ও চাঁদাবাজি ঘিরে দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যেও বিরোধ ও সংঘর্ষ ঘটছে।
কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং এক কনটেন্ট নির্মাতার কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে টিআইবি বলেছে, এসব ঘটনা রাজনৈতিক পটপরিবর্তনের পর ঘটে চলা ধারাবাহিক ঘটনাপ্রবাহের অংশ। তবে প্রতিটি ঘটনার স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ উঠলে শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, আইনি ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দায়মুক্তির সংস্কৃতি নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তিনি প্রতিটি ঘটনার যথাযথ তদন্তসাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

