...|...|...

বিশ্ব

রাজীব গান্ধীর সাথে ভালোবাসার গল্প দিয়েই ইনস্টাগ্রাম-এক্সে সোনিয়ার অভিষেক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১৯
Shares
রাজীব গান্ধীর সাথে ভালোবাসার গল্প দিয়েই ইনস্টাগ্রাম-এক্সে সোনিয়ার অভিষেক

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সাথে ভালোবাসার গল্প দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে যাত্রা শুরু করেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। প্রথম পোস্টেই তুলে ধরেছেন ১৯৬৫ সালে ইংল্যান্ডের কেমব্রিজে রাজীবের সাথে তার প্রথম দেখা ও প্রেমের শুরুর স্মৃতি।

আগামী ১০ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। বইটি প্রকাশের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে রাজীবের সাথে পরিচয়, ভালোবাসা এবং সম্পর্কের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন তিনি।

সোনিয়া জানান, ১৯৬৫ সালে কেমব্রিজে পড়াশোনার সময় ভালো খাবারের রেস্তোরাঁ খুঁজে পাওয়া কঠিন ছিল। একপর্যায়ে তিনি একটি ছোট গ্রিক রেস্তোরাঁর সন্ধান পান, যেখানে ভারতীয় ও ইতালীয় শিক্ষার্থীরা নিয়মিত যেতেন। সেখানেই এক সাধারণ বন্ধুর মাধ্যমে রাজীব গান্ধীর সাথে পরিচয় হয় তাঁর। তখন রাজীবও কেমব্রিজে পড়াশোনা করছিলেন।

প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে সোনিয়া বলেন, রাজীবের সাথে দেখা হওয়ার প্রায় সাথে সাথেই তাঁর মনে হয়েছিল, এই মানুষটির সাথেই তিনি জীবন কাটাতে চান। পরে জানতে পারেন, রাজীবের অনুভূতিও ছিল একই রকম।

রাজীবের সুদর্শন চেহারার পাশাপাশি তাঁর কোমল স্বভাবও সোনিয়াকে আকৃষ্ট করেছিল। সেই প্রথম সাক্ষাতের মুহূর্ত কখনো ভুলবেন না বলেও জানান তিনি।

এক্সে নিজের প্রথম পোস্টে সোনিয়া লেখেন, কেমব্রিজের ছোট্ট একটি গ্রিক রেস্তোরাঁয় তার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল। রাজীবের সাথে ভালোবাসা, হাসি ও স্মৃতিতে ভরা একটি জগৎ গড়ে তুলেছিলেন তাঁরা। এবার সেই গল্প সবার সাথে ভাগ করে নিতে চান তিনি।

৫৪৪ পৃষ্ঠার স্মৃতিকথাটিতে সোনিয়ার শৈশব, রাজীবের সাথে পরিচয় ও সম্পর্ক, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ড এবং ভারতীয় রাজনীতিতে তাঁর প্রবেশের পেছনের ব্যক্তিগত অভিজ্ঞতা উঠে এসেছে।

বইটি বিশ্বব্যাপী প্রকাশ করবে আলফ্রেড এ. নফ। ভারতে এর প্রকাশনার দায়িত্বে রয়েছে হার্পারকলিন্স ইন্ডিয়া।