...|...|...

সারাদেশ

রাজাপুরে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ৮:১২
Shares
রাজাপুরে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত মো. সুমন (৫৫) ও মো. রাজিব হোসেন (৪৫)। ছবি: টাইমস টুডে

ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সুগন্ধা ও বিষখালী নদী থেকে ১০ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৪৮ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন পাশের নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. মান্নানের ছেলে মো. সুমন (৫৫) এবং মো. হানিফ মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (৪৫)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিষখালী নদীর ভবানীপুর এলাকা থেকে তাদের আটক করে রাজাপুরের একটি দল। পরে তাদের উপজেলা মৎস্য কার্যালয়ে নিয়ে আসা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’