দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল নিয়ে জীবনসংগ্রামে এগিয়ে চলেছেন আলতাফ হোসেন ওরফে দুখু মিয়া। জন্ম থেকেই হাত বিহিন আলতাফ হোসেন ওরফে দুখু মিয়াকে নিয়ে গত বুধবার ‘দুই হাত নেই, পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে পাঠদান করছেন দুখু মিয়া’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে টাইমস্ টুডে সহ বেশকিছু গণমাধ্যম। পরে বিষয়টি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নজরে এলে দুখু মিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় দুখু মিয়ার প্রতিষ্ঠিত প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও দুঃখু মিয়ার জীবনসংগ্রাম সম্পর্কে খোঁজখবর নেন তিনি। বিদ্যালয়টিকে উচ্চবিদ্যালয়ে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, আলতাফ হোসেন দুঃখু মিয়া শুধু নরসিংদীর গর্ব নন, তিনি সারা দেশের গর্ব। নিজের আত্মবিশ্বাস, কর্মস্পৃহা ও অদম্য মনোবল নিয়ে তিনি আজকের এই অবস্থানে এসেছেন। তার সামনে এগিয়ে যাওয়ার পথটি সুগম করতে সরকারি সহায়তা প্রয়োজন। জেলা প্রশাসন ও সরকার তার পাশে থাকবে।
তিনি আরও বলেন, দুঃখু মিয়ার স্বপ্নের বিদ্যালয়টিকে উচ্চবিদ্যালয়ে রূপান্তর করতে যা যা করণীয়, সেসব বিষয়ে কাজ করা হবে। এ উদ্যোগকে শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত স্বপ্ন হিসেবে দেখার সুযোগ নেই, এর সাথে এলাকার শিশুদের শিক্ষার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।
১৯৬২ সালে নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় জন্ম আলতাফ হোসেনের। তার বাবা মৃত তমিজ উদ্দিন। জন্ম থেকেই দুই হাত না থাকায় ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। দাদা আদর ও আক্ষেপ মিশিয়ে নাম রেখেছিলেন দুঃখু মিয়া। তবে নামের সাথে দুঃখ জড়িয়ে থাকলেও জীবনযুদ্ধে হার মানেননি তিনি।
এদিন আরও উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকার, নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সচিব লোকমান হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসকের উদ্যোগে আলতাফ হোসেনকে আর্থিক অনুদান প্রদান ও শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলব্যাগ বিতরণ করা হয়।

