রাজবাড়ীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শেষ পর্যায়ে দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে ‘শাড়ীর ভিটা’ নামের একটি নৌকা পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন মাঝি নদীতে পড়ে যান।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নৌকা বাইচের শেষ প্রতিযোগিতায় ‘শাড়ীর ভিটা’ ও ‘জনতার সংগ্রাম’ নামের দুটি নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিযোগিতার শেষ পর্যায়ে দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ‘শাড়ীর ভিটা’ নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায় এবং বেশ কয়েকজন মাঝি পানিতে পড়ে যান।
খবর পেয়ে নৌপুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা নদীতে পড়ে যাওয়া অধিকাংশ মাঝিকে উদ্ধার করেছেন। অন্যদের উদ্ধারে নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারে কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা।


