...|...|...

জাতীয়

পশ্চিমবঙ্গের মন্ত্রীদের বাংলাদেশ দখল প্রসঙ্গে হুমায়ুন কবির

রাজনৈতিক পাগল সব দেশেই আছে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৭
Shares
রাজনৈতিক পাগল সব দেশেই আছে

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রাজনৈতিক পাগল সব দেশেই আছে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে হুমায়ুন কবির বলেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। তারা নানা কথা বলে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে। গুরুত্বপূর্ণ আলোচনা হবে এক দেশের সরকারের সাথে অন্য দেশের সরকারের।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আসবে না। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে আনা হবে। এটিই একমাত্র পথ।

তিনি বলেন, শেখ হাসিনাসহ যারা বাংলাদেশে লুটপাট ও মানুষ হত্যা করে পালিয়ে গেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চাই। তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

শেখ হাসিনাকে ভারতে রাখা দেশটির জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে রাখার চ্যালেঞ্জ ও অসুবিধা তারাও বুঝতে পারছে।

প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা ভারতকে চিঠি দিয়েছি। এখন তাদের জবাব দেওয়ার পালা। আমাদের জায়গা থেকে যা করার, আমরা করছি।

ডিসেম্বর ঘিরে ছড়ানো নানা বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে, এটিই গ্যারান্টি। সামনে বিজয় দিবস। ডিসেম্বর আমাদের আনন্দের মাস। ইনশাআল্লাহ, আনন্দের মাসই হবে।