রাজধানীর কদমতলীতে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান।
তিনি জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাসটি পুড়ে যেতে দেখেন তারা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাতে কদমতলীর মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কাচপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ৫৭ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে রাত ১২টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বাসটি কদমতলীর মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে পার্ক করা অবস্থায় ছিল এবং ভেতরে সে সময় কোনো মানুষ ছিল না।
এসআই হাসান রহমান আরও জানান, বাসের চালক ও সহকারী পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি পার্কিং করে তারা খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। তবে কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


