...|...|...

রাজধানী

মিরপুরে শ্রমিকদের দুই দফায় বিক্ষোভ চেষ্টা, গ্রেফতার ২৯

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, দুপুর ২:২১ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৬
Shares
মিরপুরে শ্রমিকদের দুই দফায় বিক্ষোভ চেষ্টা, গ্রেফতার ২৯

ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুরে শ্রমিক আন্দোলনের তৃতীয় দিনেও সড়কে নামতে পারেননি বিক্ষোভকারীরা। সোমবার দুই দফায় সড়কে নামার চেষ্টা করলে পুলিশ ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এ ঘটনায় গতকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মিরপুর গোলচত্বর এলাকায় উপস্থিত হয়ে তিনি বলেন, শ্রমিকেরা আজ দুই দফায় রাস্তায় নামার চেষ্টা করেছিলেন। তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।

পরে সকাল ১১টার দিকে মিরপুর-৬ নম্বরের শিয়ালবাড়ী ও পূরবী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কয়েকটি মামলা হয়েছে বলে জানান উপকমিশনার আবু নাসের রিকাবদার। তিনি বলেন, এ ঘটনায় আরও মামলা হবে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৯ জন গ্রেফতার ছিলেন। সোমবার দুপুর পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

এর আগে ঘটনাস্থলে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, উত্তর) মো. মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাওয়া কোনো পক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে যারা আইন অমান্য করছে, সড়ক বন্ধ করছে বা রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতির চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনা হবে।

গ্রেফতার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অপরাধীদের বিশেষ কোনো পরিচয় নেই। যারা আইন অমান্য করে জননিরাপত্তা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।