...|...|...

রাজধানী

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রুমী গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১৩
Shares
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রুমী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওমর ফারুক রুমী। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বাংলামোটর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওমর ফারুক রুমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদপুরের শাহরাস্তি থানাসহ ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ওমর ফারুক রুমীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘রুমী ঢাকায় গ্রেফতার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।’

গ্রেফতার ওমর ফারুক রুমী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা। তার বাবা নুরুল ইসলাম মিয়া। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি এলাকায় আলোচনায় আসেন। ওই নির্বাচনে তার পক্ষে সরাসরি মাঠপর্যায়ে কাজ করেছিলেন তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

গোয়েন্দা পুলিশের দাবি, আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অর্থায়নের সাথে রুমীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করানোর পর এলাকায় সহিংস তৎপরতা চালাতে তিনি অর্থের জোগান দিয়েছেন বলে অভিযোগ করেছে পুলিশ। এছাড়া দলের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অন্যতম অর্থদাতা হিসেবে তার ভূমিকা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যদের তালিকাতেও ওমর ফারুক রুমীর নাম পাওয়া গেছে। ওই তালিকায় তার অন্তর্ভুক্তির বিষয়টিও তার রাজনৈতিক সংশ্লিষ্টতার আলোচনায় এসেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি মামলার এজাহারেও তার নাম উল্লেখ করা হয়েছে। এজাহারের কপি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় ওমর ফারুক রুমীকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের করা ওই মামলার এজাহারে তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।