পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শায়খুল ইসলাম জাস্টিস মুফতি তাকি উসমানির বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সফর শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সফর বাতিল হলেও ঢাকায় আয়োজিত একটি খতমে বোখারীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সৌদি আরবের আন্তর্জাতিক ফিকহ একাডেমির সদস্য মুফতি মিজানুর রহমান সাঈদ।
সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ জানান, আগামী ২২ নভেম্বর ভোরে সাত দিনের সফরে বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল মুফতি তাকি উসমানির। প্রায় দেড় যুগ পর তার এই বাংলাদেশ সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সফরের সময়সূচি নির্ধারণ থেকে শুরু করে প্রয়োজনীয় সব আয়োজনও সম্পন্ন করা হয়। কিন্তু শেষ মুহূর্তে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সফরটি বাতিল করতে হয়েছে।
তিনি আরও জানান, সফর আয়োজনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গিয়েছিল। এমনকি মুফতি তাকি উসমানির সফরসঙ্গীদের জন্যও অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল। তবে মুফতি তাকি উসমানির নিজের এনওসি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দেশের বিদ্যমান পরিস্থিতির কথা বিবেচনা করে তাকে এনওসি দেওয়া সম্ভব হয়নি।
মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, বিষয়টি আয়োজকদের জন্য অত্যন্ত হতাশাজনক। দেশের পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে এলে মুফতি তাকি উসমানি বাংলাদেশ সফরে আসবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের অসংখ্য মানুষ দীর্ঘদিন ধরে মুফতি তাকি উসমানির সরাসরি বয়ান শোনা এবং তাকে কাছ থেকে দেখার অপেক্ষায় রয়েছেন। তাদের সেই প্রত্যাশার কথা বিবেচনায় নিয়ে আপাতত ঢাকার একটি খতমে বোখারীর অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে তার বক্তব্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


