পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ফকিহ শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই পরিস্থিতির জন্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা এবং আয়োজকদের দূরদর্শিতার অভাবকে সমানভাবে দায়ী করেছেন।
পাকিস্তানের বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ, প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানির পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সাত দিনের সফরে মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়া এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা উল্লেখ করে আজ শুক্রবার আয়োজকরা তার সফর স্থগিতের ঘোষণা দিয়েছেন।
মুফতি তাকি উসমানি সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ও প্রভাবশালী আলেমে দ্বীন। হাদিস, ফিকহ, তাফসির ও ইসলামি অর্থনীতিতে তার অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ৮৩ বছর বয়সী এই প্রবীণ মনীষীর সফর বাংলাদেশের আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী, গবেষক ও জ্ঞানপিপাসু মানুষের জন্য ছিল এক বিরল সুযোগ।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, তুরস্ক, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে মুফতি তাকি উসমানিকে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় স্বাগত জানানো হয়। তার জ্ঞান ও অভিজ্ঞতা থেকে উপকৃত হতে নেওয়া হয় বিশেষ কর্মসূচি। অথচ বাংলাদেশে তার মতো বিশ্ববরেণ্য আলেমের সফর নির্বিঘ্ন করতে সরকারের কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। প্রয়োজনীয় অনাপত্তিপত্র ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের প্রশাসনিক ব্যর্থতারই পরিচায়ক।
তিনি আরও বলেন, এ ঘটনায় আয়োজকদের পরিকল্পনা ও দূরদর্শিতার ঘাটতিও স্পষ্ট হয়েছে। তুরস্ক, মালয়েশিয়া ও সৌদি আরবের মতো দেশে যে মর্যাদা ও গুরুত্ব দিয়ে মুফতি তাকি উসমানিকে গ্রহণ করা হয়, বাংলাদেশে তার মতো বিশ্ববরেণ্য আলেমের জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অবস্থানকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত কর্মসূচি গড়ে তোলার পরিবর্তে আয়োজকদের নিজস্ব আয়োজনের ব্যাপকতা ও সাংগঠনিক উপস্থিতি প্রদর্শনের প্রবণতাই বেশি দৃশ্যমান হয়েছে বলে প্রতীয়মান হয়।
একজন বিশ্ববরেণ্য আলেমের সফর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাংগঠনিক সক্ষমতা প্রদর্শনের উপলক্ষ হওয়া উচিত নয়; বরং তার ইলম ও অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের জাতীয় সুযোগ হিসেবে বিবেচিত হওয়া উচিত ছিল।
মহাসচিব বলেন, ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও সফরের অনুমোদন ও নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত থাকা আয়োজকদের পরিকল্পনা, সরকারি সমন্বয় ও দায়িত্বশীলতার ঘাটতি প্রকাশ করে। এত বড় আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর আয়োজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর যোগাযোগ, নিরাপত্তা পরিকল্পনা ও বিকল্প ব্যবস্থা আগেই নিশ্চিত করা অপরিহার্য ছিল।
তিনি আরও বলেন, এই সফর স্থগিতের মধ্য দিয়ে বাংলাদেশের আলেমসমাজ, শিক্ষার্থী, গবেষক ও জ্ঞানপিপাসু মানুষ একটি অসাধারণ ইলমি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এর দায় সরকারের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার পাশাপাশি আয়োজকদের পরিকল্পনা ও সমন্বয়হীনতার ওপরও বর্তায়।
মাওলানা জালালুদ্দীন আহমদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করে দ্রুত মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফরের পথ সুগম করতে হবে। একই সাথে আয়োজকদেরও নিজেদের পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি পর্যালোচনা করে নতুন সফরসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মুফতি তাকি উসমানি সুস্থ ও নিরাপদ থাকবেন এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরে এসে এ দেশের আলেম-উলামা ও জ্ঞানপিপাসু মানুষের সাথে তার মূল্যবান ইলমি অভিজ্ঞতা বিনিময় করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


