...|...|...

ধর্ম

তাহাজ্জুদ

যে ইবাদতে মেলে আল্লাহর নৈকট্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:১৩
Shares
যে ইবাদতে মেলে আল্লাহর নৈকট্য

ছবি: সংগৃহীত

ইসলামে তাহাজ্জুদ নামাজের বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। রাতের নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে এই নফল নামাজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ এবং তার নৈকট্য লাভের চেষ্টা করেন। কোরআন ও হাদিসে রাতের ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে থাক। এ নামাজ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। শিগগিরই আল্লাহ তোমাকে উভয় জগতে কাঙ্ক্ষিত মর্যাদায় ভূষিত করবেন।’ (সুরা বনি ইসরাইল, আয়াত ৭৯)।

তাহাজ্জুদ নামাজ মানুষের মনকে পবিত্র ও নির্মল করার পাশাপাশি সত্যের পথে অবিচল থাকতে সহায়তা করে। রাতের নির্জনতায় আল্লাহর স্মরণ, দোয়া ও ইবাদতের মাধ্যমে বান্দা তার প্রতিপালকের কাছে নিজের আকুতি তুলে ধরার সুযোগ পান।

কোরআনে আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরে বলা হয়েছে, ‘আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়।’ (সুরা ফুরকান, আয়াত ৬৩-৬৪)।

তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসেও বর্ণনা রয়েছে। হাদিসে এসেছে, ‘ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সবচেয়ে বেশি।’ (মিশকাত)।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাদের প্রভু পরওয়ারদিগার তাবারাকা ওয়াতায়ালা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে (যা আমাদের দৃষ্টিগোচর হয়) নেমে আসেন যখন রাতের এক-তৃতীয়াংশ বাকি থাকে। অতঃপর তিনি বলেন তোমাদের কে আমাকে ডাকবে! আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব।’ (মুসলিম, মিশকাত)।

স্বামী-স্ত্রী একে অপরকে রাতের ইবাদতে উৎসাহিত করলেও বিশেষ সওয়াবের কথা হাদিসে উল্লেখ রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তার স্ত্রীকেও নামাজের জন্য জাগায়, এমনকি স্ত্রী না জাগলে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয়, তার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন।

একইভাবে কোনো নারী রাতে জেগে তাহাজ্জুদ আদায় করলে এবং স্বামীকে নামাজের জন্য জাগালে তার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হয়। (আবু দাউদ, নাসায়ি, মিশকাত)।

রাতের নামাজের উত্তম পদ্ধতির উদাহরণ হিসেবে হাদিসে দাউদ (আ.)-এর ইবাদতের কথা এসেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহর কাছে অতি প্রিয় নামাজ দাউদ (আ.)-এর নামাজ। তিনি অর্ধেক রাত ঘুমাতেন এবং রাতের তৃতীয় ভাগে নামাজে দাঁড়াতেন আর ষষ্ঠ ভাগে আবার ঘুমাতেন।’ (বুখারি, মুসলিম, মিশকাত)।

রাতের ইবাদত ও মানুষের প্রতি সদাচরণের পুরস্কার সম্পর্কেও হাদিসে বর্ণনা রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জান্নাতে একটি প্রাসাদ রয়েছে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যাবে।’ তখন জনৈক বেদুইন জানতে চাইলেন, হে আল্লাহর রাসুল, এটি কার জন্য? তিনি বললেন, ‘এটি হবে তার, যে ভালো কথা বলে, অন্যদের আহার করায়, সিয়াম অব্যাহত রাখে এবং রাতে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে তখন উঠে নামাজ আদায় করে।’ (তিরমিজি)।

আরেক বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন শ্রেণির ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তাদের দেখে হাসেন এবং খুশি হন। ... (তিন শ্রেণির এক শ্রেণি হলো) সেই ব্যক্তি, যার সুন্দরী স্ত্রী এবং নরম বিছানা আছে, কিন্তু সে রাতে নামাজে দাঁড়ায়।’ এরপর আল্লাহ বলেন, ‘সে তার প্রবৃত্তির চাহিদাকে ত্যাগ করেছে এবং আমাকে স্মরণ করেছে। আর সে যদি চাইত ঘুমিয়ে থাকতে পারত।’ (মুসতাদরাক হাকিম)।

তাবিয়ি আতা খুরাসানি (রহ.) কিয়ামুল লাইলের তাৎপর্য তুলে ধরে বলেছেন, ‘কিয়ামুল লাইল হলো শরীরের জন্য জীবন, কলবের জন্য নূর, দৃষ্টির জন্য আলো, আর অঙ্গপ্রত্যঙ্গের জন্য শক্তি।’ তার মতে, রাতের নামাজ আদায় করলে মানুষ অন্তরে আনন্দ অনুভব করতে পারে। (ইবনু আবিদ দুনইয়া)।

বিশিষ্ট তাবিয়ি সাঈদ ইবনুল মুসাইয়িব (রহ.) বলেছেন, যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করে, আল্লাহ তার চেহারায় নূর উদ্ভাসিত করে দেন। তাকে মুসলিমরা ভালোবাসে, যদিও তাকে প্রথমবার দেখে। তখন কেউ বলে, ‘সত্যিই লোকটাকে আমার খুব ভালো লাগে।’ (কিতাবুত তাহাজ্জুদ)।

রাতের নামাজে কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কেও হাদিস রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রাতের নামাজে ১০টি আয়াত পড়বে, তার (নাম) গাফেলদের তালিকায় উঠবে না। যে ব্যক্তি দাঁড়িয়ে ১০০ আয়াত পড়বে, তার (নাম) অনুগতদের তালিকায় উঠবে। আর যে ব্যক্তি দাঁড়িয়ে ১ হাজার আয়াত পড়বে, তার নাম উঠবে মুকান্তিরীন (‘কিন্তার’ সংগ্রহকারীদের) তালিকায়।’ (আবু দাউদ)।

এ ছাড়া কেউ রাতে নামাজ আদায়ের নিয়ত করে ঘুমাতে গেলে, কিন্তু ঘুমের কারণে ফজরের আগে আর জেগে উঠতে না পারলে, তার নিয়তের জন্যও সওয়াবের কথা হাদিসে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি রাতের নামাজ আদায় করার নিয়ত করে বিছানায় যাবে, অতঃপর সকাল পর্যন্ত ঘুম তাকে কাবু করে ফেললেও নিয়ত অনুযায়ী সে পূর্ণ পুরস্কার পাবে। তখন তার ঘুম হবে মহামহিম রবের পক্ষ থেকে তার জন্য সদকাস্বরূপ।’ (নাসায়ি শরিফ)।

রাতের নির্জনতায় আল্লাহর কাছে দোয়া, ক্ষমা প্রার্থনা ও ইবাদতের সুযোগ রয়েছে। তাই তাহাজ্জুদসহ রাতের নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের চেষ্টা করা প্রত্যেক মুমিনের জন্য কল্যাণকর।