ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র উত্তেজনা চললেও সংকট নিরসনে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারীদের সাথে মার্কিন কর্মকর্তাদের যোগাযোগের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিরও নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সাথে কথা বলেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি।
এদিকে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চলমান সংকট নিরসনে নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। আলোচনায় সর্বশেষ প্রস্তাব ও দুই পক্ষের অবস্থান নিয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
মধ্যস্থতাকারীদের এই তৎপরতার মধ্যেই ট্রাম্পের বক্তব্যে কঠোর অবস্থানের ইঙ্গিতও রয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই চূড়ান্ত বিজয় অর্জন করবে।
সেই সঙ্গে চলমান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির ঊর্ধ্বগতির প্রসঙ্গও তুলে ধরেন ট্রাম্প। তিনি মন্তব্য করেন, সংকট মিটে গেলে তেলের দাম দ্রুতই নিম্নমুখী হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এর আগে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধ ও কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি প্রস্তাব দিয়েছিল। তবে ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন। এরপরও দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
মধ্যস্থতাকারীদের এই যোগাযোগের লক্ষ্য মূলত চলমান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করার বিষয়ে সমঝোতার পথ খোঁজা। তবে দুই পক্ষের অবস্থানের মধ্যে গুরুত্বপূর্ণ মতপার্থক্য এখনো রয়েছে।

