মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্বখ্যাত মোটরস্পোর্টস প্রতিযোগিতা ডাকার র্যালিতে। ২০২৭ সালের আসর সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে আয়োজকরা। নির্ধারিত সময়েই প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা থাকলেও এর ভেন্যু পরিবর্তন করা হচ্ছে।
আয়োজকদের ভাষ্য, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টিকে ব্যতিক্রমী ও এককালীন পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন তারা। অর্থাৎ, সৌদি আরব থেকে প্রতিযোগিতাটি স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়নি।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে অন্য কোনো স্থানে অনুষ্ঠিত হবে ডাকার র্যালি। আর ২০২৮ সালে প্রতিযোগিতাটির ৫০তম আসর আবারও সৌদি আরবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিশ্বের অন্যতম কঠিন ও জনপ্রিয় অফ-রোড মোটরস্পোর্টস প্রতিযোগিতা ডাকার র্যালি। এতে গাড়ি, মোটরসাইকেল ও ট্রাক নিয়ে প্রতিযোগীরা মরুভূমি, বালিয়াড়ি এবং দুর্গম পথ পাড়ি দেন। ২০২০ সাল থেকে সৌদি আরবে অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রতিযোগিতা।
উল্লেখ্য, সম্প্রতি ইয়েমেনে চলমান সংঘাতের ফলে সৌদিতে হুথিদের হামলা ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাতের কারণে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনেও পড়ছে। এমন পরিস্থিতিতে ২০২৭ সালের ডাকার র্যালির ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিল আয়োজকরা।


