গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। নতুন করে চালানো হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ইসরায়েলি ড্রোন হামলায় এবং অন্যজন বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে চালানো হামলায় প্রাণ হারান।
রবিবার (১৫ নভেম্বর) এসব হামলার ঘটনা ঘটে। গাজার সীমান্ত পারাপার কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল অর্থ মন্ত্রণালয়ের একটি পোস্ট। কেরেম শালোম সীমান্ত পারাপার দিয়ে গাজায় প্রবেশ করা পণ্যবাহী ট্রাকগুলোর ওপর নজরদারির দায়িত্বে ছিল পোস্টটি। হামলায় নিহত ব্যক্তিদের একজন ৩৪ বছর বয়সী আবদিন, যিনি ওই পোস্টের কর্মচারী ছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের চালানো হামলায় ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৯৬৪ জন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।
দীর্ঘ এই যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

