গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদার ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গাজার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৬৮৭ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত উপত্যকাটিতে মোট ৭৪ হাজার ৫৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮০৮ জন।
ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং হতাহতদের হিসাব হালনাগাদের সাথে সাথে প্রাণহানির সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।


