রাজবাড়ীর পাংশায় যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর, আসবাবপত্র ভাঙচুর ও দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির নামধারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
উপজেলার পুইজোর গ্রামে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি তার বাড়িতে এ হামলা চালায় বলে অভিযোগ করেন অমিত হাসান রবিন।
পরিবারের অভিযোগ, বিএনপির নামধারী এবং স্থানীয় বিএনপি নেতাদের সাথে চলাফেরা করেন-এমন কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে অতর্কিতভাবে বাড়িতে হামলা চালান। তাদের মধ্যে আবদার জেলে, তার ছেলে তুর্কি, হৃদয়সহ আরও বেশ কয়েকজন ছিলেন।
হামলাকারীরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করেন। একই সাথে বাড়ির আসবাবপত্র, টেলিভিশন ও ফ্রিজসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এ সময় বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন স্বজনেরা।
পরিবারের সদস্যদের দাবি, হামলায় বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টাইমস টুডেকে অমিত হাসান রবিন বলেন, এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অবহিত করা হয়েছে। একই সাথে এঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সাংবাদিক অমিত হাসান রবিনের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।


