...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্র শর্ত মানলেই দ্রুত হরমুজ প্রণালী খুলে দেবে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৪
Shares
যুক্তরাষ্ট্র শর্ত মানলেই দ্রুত হরমুজ প্রণালী খুলে দেবে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র তেহরানের দেওয়া শর্ত মেনে নিলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে দ্রুত নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটন তাদের দাবি পূরণ করলে প্রণালীটি পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত তেহরান।

সোমবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েচে।

হরমুজ প্রণালী নিয়ে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাইকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব কি না। জবাবে তিনি বলেন, ইরান অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম।

বাঘাই বলেন, ইরান তার প্রতিশ্রুতি পালনে সব সময় অটল রয়েছে। অপর পক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে তেহরানও যত দ্রুত সম্ভব নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

তবে এ ক্ষেত্রে ইরানের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষার বিষয়েও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। বাঘাই বলেন, তেহরান তার লক্ষ্য সম্পর্কে পুরোপুরি সচেতন। ইরানি জনগণের অধিকার রক্ষার প্রশ্নে কোনো ধরনের পিছু হটার সুযোগ নেই।

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের দাবি মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানি বন্দরের ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং সংঘাত বন্ধের মতো বিষয়গুলো।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করা এই নৌপথে অচলাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। ফলে প্রণালীটি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।