...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার অভিযোগ, মুখ খুলল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭
Shares
যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার অভিযোগ, মুখ খুলল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরানের দাবি, গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে, তা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতেই নতুন করে এমন অভিযোগ তোলা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা অভিযোগের পর এবার মার্কিনিরা ‘ডার্টি বোমা’ হামলার অভিযোগ সামনে এনেছে।

বাঘাইয়ের দাবি, ইরানের বিরুদ্ধে বেআইনি ও অন্যায় যুদ্ধ শুরুর দায় এড়াতেই ওয়াশিংটন এমন বক্তব্য দিচ্ছে। এর মাধ্যমে মার্কিন প্রশাসন জনমতের কাছে নিজেদের কর্মকাণ্ডের জবাবদিহি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করতে পারে ইরান।

তবে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এই অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের দায় থেকে মনোযোগ সরানোর উদ্দেশ্যেই এমন দাবি সামনে আনা হয়েছে।