...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী ২ বিমানের মুখোমুখি সংঘর্ষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৫
Shares
যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী ২ বিমানের মুখোমুখি সংঘর্ষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ও অসংখ্য ফ্লাইট বাতিলের একদিন পর এবার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে দুটি বিমান। 

শনিবার (১৪ নভেম্বর) রাতে ট্যাক্সি করার সময় কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্তের সাথে ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশের ধাক্কা লাগে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুটি বিমানই তখন রানওয়েতে চলাচল করছিল। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ বিভাগের পরিচালক গ্রেগ চিন সিএনএনকে জানান, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষটি ঘটে। এতে দুজন আহত হয়েছেন।

কোপা এয়ারলাইনসের যাত্রী সিজার ফেরেইরা বলেন, অবতরণের পর তাদের বিমান স্বাভাবিকভাবেই চলছিল। একপর্যায়ে আশপাশে কথাবার্তার শব্দ বেড়ে যায়। এরপর যাত্রীরা হঠাৎ চিৎকার শুরু করেন এবং অন্য একটি বিমানের সাথে ধাক্কা লাগার অনুভূতি পাওয়া যায়।

ফেরেইরার ভাষ্য, সংঘর্ষের ধাক্কায় বিমানটি হঠাৎ একদিকে কাত হয়ে যায়। এতে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে পড়লেও কোপা এয়ারলাইনসের কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং সবাইকে আসনে বসে থাকার নির্দেশ দেন।

এফএএ জানিয়েছে, সংঘর্ষের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ইউপিএসের বিমানের ক্রুদের কোপা এয়ারলাইনসের বিমানকে পথ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারপরও কীভাবে সংঘর্ষ ঘটল, তা তদন্ত করা হচ্ছে।

ইউপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার কারণ জানতে তারা কর্তৃপক্ষের সাথে কাজ করছে। সংস্থাটির দাবি, তাদের বিমানের ক্রুরা নিরাপদ আছেন।

অন্যদিকে কোপা এয়ারলাইনস যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তদন্তে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করবে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে পাইলটদের কথোপকথনের অডিওতেও সংঘর্ষের বিষয়টি উঠে এসেছে। সেখানে কোপা এয়ারলাইনসের পাইলটকে বলতে শোনা যায়, কেউ আমাদের ধাক্কা দিয়েছে।

এরপর নিয়ন্ত্রক ইউপিএসের পাইলটদের জিজ্ঞাসা করেন, তারা অন্য বিমানটির সাথে ধাক্কা খেয়েছেন কি না। জবাবে ইউপিএসের পাইলট বলেন, হ্যাঁ, আমরা একটু বেশি সামনে চলে গিয়েছিলাম। এরপর সে তার ডানা দিয়ে আমাদের ধাক্কা দেয়।